যোগ্যতায় নয়, বিনিময়ে ক্যারিয়ার—রুনা খানের বিস্ফোরক অভিযোগ
মঞ্চ ও পর্দায় দীর্ঘ দুই দশক পার করা অভিনেত্রী ও মডেল রুনা খান আবারো আলোচনায়। অভিনয়, ওয়েব প্ল্যাটফর্ম এবং ফ্যাশন জগতে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে উঠেছে নানা সমালোচনা। এ প্রসঙ্গে কালের কণ্ঠের সঙ্গে খোলামেলা সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন তিনি।
রুনা খান বলেন,
“২০০৫ থেকে ২০২৫—এই বিশ বছরে আমি শুধুমাত্র ভালো কাজগুলোই বেছে নিয়েছি। কিন্তু লক্ষ্য করেছি, অনেক নারী সহকর্মী ব্যক্তিগত সম্পর্ক বা বিনিময়ের মাধ্যমে ক্যারিয়ার গড়ে তুলেছেন। পরিচালকের সঙ্গে প্রেম, বিয়ে বা পরকীয়ার মাধ্যমেই তাদের কাজ হয়েছে। সম্পর্ক শেষ হতেই তারা পর্দা থেকেও হারিয়ে গেছেন।”
তিনি আরও যোগ করেন,
“এই শ্রেণির অনেকে আজ আমার পোশাক নিয়ে সমালোচনা করছেন। অথচ আমি কখনো নৈতিকতার সঙ্গে আপস করিনি। কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছাড়াই নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছি। এটাই হয়তো তাদের সহ্য হচ্ছে না।”
সম্প্রতি একটি ফটোশুটকে ঘিরে তাঁর পোশাক নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে রুনা খান বলেন,
“পোশাকের অশালীনতা বলে কিছু নেই—অশালীন হয় কর্ম। বোরকা যেমন পোশাক, সুইমস্যুটও তেমনি পোশাক। যার যা ভালো লাগে, সে তা পরবে। আমাদের অনেক অভিনেত্রী বাস্তব জীবনে চূড়ান্ত অশালীনতায় ভরা, অথচ পর্দায় শরীর ঢেকে শালীনতার প্রচার করেন—এটা এক ধরনের ভণ্ডামি।”
তিনি আরও বলেন,
“আমি শাবানা, শাবনূর, মৌসুমীদের সময়ের সিনেমায়ও ক্লিভেজ দৃশ্য দেখেছি। তাহলে এখন আমার বয়স ৪০ বলে আমি দেখাতে পারব না কেন? বয়স বা পোশাক নয়, মানসিকতা বদলানো জরুরি।”
নিজের অবস্থান পরিষ্কার করে রুনা খান জানান,
“আমি কারও প্রেমিকা বা পরকীয়া সম্পর্কের মাধ্যমে কাজ পাইনি। আমি এসেছি যোগ্যতা ও পেশাদারিত্ব দিয়ে—আর সেটাই আমার গর্ব।”











