শাপলা প্রতীক না পেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি সারজিস আলমের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক সংকট নিয়ে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব। যদি প্রতীক না দেওয়া হয়, তবে আমাদের সমাধান হবে রাজপথে।’
গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর টাউন হলে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। সারজিস অভিযোগ করেন, বৈধ প্রক্রিয়া মেনেই এনসিপি নির্বাচন কমিশনে (ইসি) প্রতীক চেয়ে আবেদন করেছে, কিন্তু ইসি এখনো কোনো আইনগত বা যুক্তিসংগত ব্যাখ্যা দিতে পারেনি কেন প্রতীক দেওয়া হবে না। তাঁর দাবি, ইসি ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হচ্ছে।
সারজিস আলম জানান, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও সমমনা কয়েকটি দলের সঙ্গে এনসিপির আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘আমরা আলোচনায় আছি, কিন্তু আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ।’
তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে মামলাবাজি চলছে। নিরপরাধদের হয়রানি বন্ধ না হলে এনসিপি রাজপথে নামবে। নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘২০২৪ ও ২০১৮ সালের নির্বাচনে যাঁরা অংশ নিয়ে সুবিধা ভোগ করেছেন, আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছেন বা ফ্যাসিস্ট কাঠামোতে সহযোগিতা করেছেন, তাঁদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।’








