ওষুধের ওপর ট্রাম্পের ১০০% শুল্কে বিপাকে ভারতীয় ওষুধশিল্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে যুক্তরাষ্ট্রে ব্র্যান্ডেড ও পেটেন্টপ্রাপ্ত ওষুধ আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প বলেন, যদি কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে নিজস্ব কারখানা গড়ে না তোলে বা নির্মাণকাজ শুরু না করে, তবে তাদের পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে।
ভারতের ওষুধশিল্প মার্কিন বাজারের ওপর নির্ভরশীল হওয়ায় এ সিদ্ধান্ত দেশটির ফার্মাসিউটিক্যাল খাতের জন্য বড় ধাক্কা হতে পারে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, রপ্তানি কমে যাওয়ায় ভারতের আয় ও বাজার উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ব্র্যান্ডেড বা পেটেন্টপ্রাপ্ত যেকোনো ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক বসাব, যদি না তাদের উৎপাদন যুক্তরাষ্ট্রে শুরু হয়।’ তিনি দাবি করেছেন, এই কর দেশীয় উৎপাদন বাড়াতে এবং বাজেট ঘাটতি কমাতে সহায়তা করবে।
ওষুধ ছাড়াও সম্প্রতি ট্রাম্প রান্নাঘরের কেবিনেট ও বাথরুম ভ্যানিটির ওপর ৫০%, আসবাবপত্রে ৩০%, এবং ভারী ট্রাকে ২৫% শুল্ক আরোপ করেছেন। তবে শুল্কের এই সিদ্ধান্ত নিয়ে আইনগত প্রশ্ন উঠেছে, কারণ সাধারণত কর সংক্রান্ত সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসের এখতিয়ারভুক্ত। অনেকেই মনে করছেন, ট্রাম্প এ পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতার সীমা ছাড়িয়েছেন।










