নিউইয়র্কে যুবলীগের ডিম নিক্ষেপের ঘটনায় আখতার হোসেনের প্রতিক্রিয়া: “আমাদের কিছু যায় আসে না”
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে যুবলীগ নেতার ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, “আমরা সেই প্রজন্ম যারা শেখ হাসিনার গুলির মুখে দাঁড়াতে ভয় পাইনি। তাই কারও ছোড়া ডিম আমাদের কিছু করতে পারবে না। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।”
তিনি আরও বলেন, “আজ এয়ারপোর্টে আওয়ামী লীগ হুংকার দিচ্ছিল এবং অশ্লীল ভাষায় তাসনিম জারাকে গালিগালাজ করেছিল। এটি তাদের প্রকৃত চরিত্র।”
ভিডিওতে আখতার হোসেন বলেন, “বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এবং জুলাই অভ্যুত্থানের সমর্থকদের ওপর হামলা করা নতুন কিছু নয়। যারা পালিয়ে গেছে, তারা বিদেশেও সন্ত্রাস চালাচ্ছে।” তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, বিদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ফিরিয়ে এনে বিচার করতে।
জানা যায়, আখতার হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে পৌঁছান। বিমানবন্দরে তাকে লক্ষ্য করে যুবলীগ কর্মী মিজানুর রহমান ডিম ছোড়েন।
এ ঘটনার পর এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের বিবৃতিতে বলা হয়েছে, এটি শুধুমাত্র রাজনৈতিক সহিংসতার উদাহরণ নয়, বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা এবং নিরাপত্তার ব্যর্থতার প্রমাণ। তারা তিনটি দাবি জানিয়েছেন:
-
বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউইয়র্কের কর্তৃপক্ষকে সরাসরি অভিযোগ জানাক।
-
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলসহ পুরো টিমকে অবিলম্বে বদলাতে হবে।
-
সফররত নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এছাড়া গণসংহতি আন্দোলনের নেতারা এ ঘটনা নিন্দা জানিয়ে বলেছেন, “এ ধরনের হামলা প্রমাণ করে, আওয়ামী লীগ নিপীড়কের চরিত্র বজায় রেখেছে। সরকারের বিভিন্ন অংশ বিশেষ করে আমলাতন্ত্রের ভূমিকা খতিয়ে দেখা জরুরি।”








