‘শিল্পীদের কদর নেই দেশে’—আক্ষেপ সাবিনা ইয়াসমীনের
দেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন মনে করেন, বাংলাদেশে শিল্পী ও গানের যথাযথ মূল্যায়ন কখনোই হয়নি। তিনি আক্ষেপ করে বলেন, ‘রাষ্ট্র যাঁরা চালাচ্ছেন, তাঁরা যদি গানবাজনা না বোঝেন, গানকে মূল্য না দেন, তাহলে শিল্পীরা আর কী করবেন? জোর করে তো কিছু করার নেই।’
সম্প্রতি মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে নতুন গান ‘অতীত গল্পগুলি’ রেকর্ড করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার সম্রাট আহমেদ।
নতুন গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘খুব সুন্দর কথা ও সুরের গান। ৭০–৮০ দশকের মেলোডির ছোঁয়া আছে। এই সময়ে এসে এমন গান গাইতে পেরে ভালো লাগছে।’
শিল্পীদের প্রতি রাষ্ট্রীয় অবহেলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশে কত বড় বড় শিল্পী ছিলেন, অনেকেই আর নেই। তাঁদের গানগুলো তো আর্কাইভ করে রাখা উচিত ছিল। কিন্তু এ ব্যাপারে রাষ্ট্রের কোনো উদ্যোগ নেই। অথচ পাশের দেশ ভারতে শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা দেখানো হয়।’
তিনি আরও বলেন, ‘রয়্যালটির ব্যবস্থাও আমাদের দেশে নেই। যদি থাকত, তাহলে অনেক শিল্পী ও তাঁদের পরিবার নিশ্চিন্ত জীবনযাপন করতে পারতেন।’
বাংলাদেশের সংগীতাঙ্গনে শিল্পীদের প্রতি উপযুক্ত সম্মান ও রাষ্ট্রীয় উদ্যোগের অভাব নিয়েই এই বরেণ্য শিল্পীর দীর্ঘশ্বাস।











