ছয় দিন পর আবার শুরু হচ্ছে ‘জিমি কিমেল লাইভ’
ছয় দিন বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে মার্কিন টক শো ‘জিমি কিমেল লাইভ’। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে কৌতুকাভিনেতা জিমি কিমেলের মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছিল। এরপর ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা ও চাপের মুখে এবিসি নেটওয়ার্ক সাময়িকভাবে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্তে ট্রাম্প সন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু ডিজনি কর্তৃপক্ষ সোমবার ঘোষণা দিয়েছে, আবারো সম্প্রচারে ফিরছে অনুষ্ঠানটি। এতে ট্রাম্পকে এবার হতাশ হতে হচ্ছে।
ডিজনি জানায়, দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় শোটি কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। কিমেলের কিছু মন্তব্যকে তাঁরা ‘সংবেদনশীল ও অসময়ে বলা’ হিসেবে দেখেছিলেন। তবে গভীর আলোচনার পর তাঁরা অনুষ্ঠানটি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে জানা গেছে, ডিজনির সিইও বব আইগার ও কোম্পানির শীর্ষ নির্বাহী ডানা ওয়ালডেন কিমেলের সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের মতে, অনুষ্ঠান ফেরানোর সিদ্ধান্ত রাজনৈতিক চাপের কারণে নয়, বরং বিনোদন শিল্পের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে।
আজ থেকেই আবার সম্প্রচার শুরু হবে ‘জিমি কিমেল লাইভ’। আশা করা হচ্ছে, অনুষ্ঠানে কিমেল পুরো বিষয়টি নিয়ে দর্শকদের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেবেন।










