নিউইয়র্কে এনসিপি নেতা আখতারকে ডিম ছোড়েন আওয়ামী লীগ কর্মীরা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয় আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান ডিম ছোড়েন। দুটি ডিম আখতার হোসেনের পিঠে লাগে। তবে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ সমর্থকেরা তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং বিক্ষোভ দেখান। এরপর আখতারসহ অন্যরা গাড়িতে উঠলে তাঁদের গাড়ির সামনে শুয়ে পড়ে আওয়ামী লীগ নেতা–কর্মীরা। তাঁরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় নিউইয়র্ক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে।
এর আগে বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকেরা পাল্টাপাল্টি স্লোগান দেন।
পরে আখতার হোসেন বলেন, এ ঘটনার বিচার হওয়া উচিত। তিনি আওয়ামী লীগ নেতা–কর্মীদের এ ধরনের কর্মকাণ্ডকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন।








