শেয়ারবাজার স্থায়ী আয় নয়, ঝুঁকি নিয়েই বিনিয়োগ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
রাজধানীর উত্তরায় সোমবার বিএসইসি ও ডিএসই আয়োজিত এক সেমিনারে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, শেয়ারবাজারে বিনিয়োগে ঝুঁকি থাকে, তবে কিছু লভ্যাংশ পাওয়া যায়। তিনি সতর্ক করেন যে, শেয়ারবাজার স্থায়ী আয়ের উৎস নয়; কোম্পানি ভালো না হলে বিনিয়োগকারীও ক্ষতির মুখে পড়তে পারেন।
তিনি আরও জানান, অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী মনে করেন শেয়ারবাজার থেকে চিরস্থায়ী আয় হবে। যখন সূচক পতিত হয়, তখন তাঁরা দায় চাপান আর্থিক নীতিনির্ধারকদের ওপর। সেজন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের দায়িত্ব হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের সচেতন করা, যাতে তারা বুঝতে পারেন শেয়ার, বন্ড বা সুকুক স্থায়ী আয়ের নিশ্চয়তা দেয় না।
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশে শেয়ারবাজার এখনও পূর্ণ বিকশিত হয়নি। সরকারি বন্ড আছে, কিন্তু বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই সীমিত। তিনি উল্লেখ করেন, বড় প্রকল্প বা নতুন অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকি ভাগাভাগি করা প্রয়োজন। এর মানে হলো বন্ড, ডিবেঞ্চার বা ইকুইটিতে বিনিয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, সুকুকের বড় অংশ বিনিয়োগ হয়েছে স্যানিটেশন বা প্রাথমিক শিক্ষার মতো খাতে, যেখানে রিটার্ন কম। বাস্তবে সুকুক বন্ডের ব্যবহার বেসরকারি খাতের জন্য হওয়া উচিত, যাতে ব্যাংকের ওপর চাপ কমে।
সালেহউদ্দিন আহমেদ পরামর্শ দেন, পদ্মা সেতু ও মেট্রোরেলসহ বিভিন্ন প্রকল্প সিকিউরিটাইজ করা যেতে পারে। টোল বা ভাড়া আদায়ের মতো স্থায়ী আয়ের কারণে বিনিয়োগকারীরা এতে আগ্রহ দেখাবেন। তিনি বলেন, “বিদ্যমান প্রকল্পগুলোও সিকিউরিটাইজ করা যেত, যেমন যমুনা সেতু। এখন বিষয়টি গুরুত্বসহকারে ভাবা দরকার।”











