অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন কুইন্টন ডি কক, পাকিস্তান সফরে তিন সংস্করণে তিন ভিন্ন অধিনায়ক
দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান কুইন্টন ডি কক ওয়ানডে ক্রিকেটে আবারও ফিরছেন। অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়া দল। এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডি কক দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫৫ ওয়ানডে খেলেছেন। ২০২৩ বিশ্বকাপে সর্বশেষ এই ফরম্যাটে মাঠে নেমেছিলেন। ওয়ানডেতে তার রেকর্ড অসাধারণ—৪৫.৭৪ গড়ে ৬৭৭০ রান ও ২১টি সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ৯২ ম্যাচে ২৫৮৪ রান রয়েছে তার।
পাকিস্তান সফরের আগে ১১ অক্টোবর উইন্ডহকে নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা, যেখানে ডি ককও খেলবেন। দক্ষিণ আফ্রিকার কোচ শুকুরি কনরাড জানিয়েছেন, ডি কক আবার জাতীয় দলে খেলতে রাজি হয়েছেন। তিনি বলেন, “ডি ককের সাদা বলে ফিরে আসা আমাদের দলকে আরও শক্তিশালী করবে।”
দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট পাকিস্তান সফরে তিনটি ক্রিকেট ফরম্যাটে তিন ভিন্ন অধিনায়ক রাখবে। নিয়মিত টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা চোটের কারণে মাঠের বাইরে থাকায় তার জায়গায় টেস্ট দলের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। টি-টোয়েন্টিতে অধিনায়ক হবেন ডেভিড মিলার এবং ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন ম্যাথু ব্রিটজ।
সিরিজ সূচি অনুযায়ী, লাহোরে ১২ অক্টোবর প্রথম টেস্ট, ২০ অক্টোবর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট, ২৮ অক্টোবর থেকে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ এবং ৪ নভেম্বর ফয়সালাবাদে ওয়ানডে সিরিজ শুরু হবে।











