ট্রাম্পের উপদেষ্টা টম হোম্যানের ঘুষকাণ্ড নিয়ে এফবিআইয়ের তদন্ত বন্ধ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত ও অভিবাসনবিষয়ক উপদেষ্টা টম হোম্যানকে ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত করেছিল এফবিআই। অভিযোগ ছিল, সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে তিনি ৫০ হাজার ডলার নিয়েছিলেন।
এফবিআইয়ের এক সদস্য ব্যবসায়ী সেজে হোম্যানকে অর্থভর্তি একটি ব্যাগ দেন। এমনকি তদন্তকারীরা এক রেস্তোরাঁয় তাঁকে সেই ব্যাগ নিতে ভিডিওতে ধারণও করেন।
তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য নেই। তাই তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। উপ–অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ ও এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক যৌথ বিবৃতিতে বলেন, জনগণের প্রতি প্রকৃত হুমকির বিষয়ে মনোযোগী হওয়াই সরকারের দায়িত্ব, রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত তদন্ত নয়।
এদিকে হোয়াইট হাউস দাবি করেছে, হোম্যান কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত নন। তাঁকে একজন অভিজ্ঞ ও সৎ কর্মকর্তা হিসেবে বর্ণনা করেছে তারা।
টম হোম্যান ওবামা প্রশাসনের সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–এ কাজ করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে ছিলেন সংস্থাটির কার্যনির্বাহী পরিচালক। ট্রাম্প ক্ষমতায় না থাকাকালে তিনি একটি পরামর্শক প্রতিষ্ঠান চালাতেন, যা অভিবাসন–সংক্রান্ত চুক্তিতে কোম্পানিগুলোকে সহযোগিতা করত।










