আফসোস নিয়েও বিশ্বকাপে জয়ের স্বপ্ন দেখছেন নিগাররা
নারী বিশ্বকাপের উদ্দেশ্যে আগামীকাল শ্রীলঙ্কার ফ্লাইট ধরবেন নিগার সুলতানা ও তাঁর দল। এর আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে আফসোসের সুর শোনা গেল বাংলাদেশ নারী দলের অধিনায়কের কণ্ঠে।
নিগারের আক্ষেপ—বিশ্বকাপের আগে বড় কোনো দলের সঙ্গে সিরিজ খেলার সুযোগ হয়নি। তবে তিনি আশাবাদী, দেশে যতটা সুযোগ-সুবিধা পাওয়া গেছে, সেটার সর্বোচ্চ ব্যবহার করেছেন ক্রিকেটাররা।
কোচ সারওয়ার ইমরান জানিয়েছেন, এবার তাঁদের লক্ষ্য প্রতিটি ম্যাচে ভালো খেলা। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে বিশেষভাবে সুযোগ দেখছেন তিনি, তবে অন্য দলকেও ছোট করে দেখছেন না। গত আসরে পাকিস্তানকে হারানো বাংলাদেশ এবার আরও কিছু জয়ের স্বপ্ন দেখছে।
প্রস্তুতিতে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে হেরেছিল নিগাররা। অধিনায়ক স্বীকার করেছেন, তাঁরা প্রত্যাশা মতো খেলতে পারেননি। তবে কোচের মতে, সেই অভিজ্ঞতাও দলকে উন্নতি করতে সাহায্য করেছে।
ব্যাটিং নিয়ে নিগারের বিশ্বাস—ভালো উইকেটে ব্যাটাররা বড় রান করতে পারবে। বোলিং নিয়েও তিনি আত্মবিশ্বাসী। কোচ জানিয়েছেন, ম্যাচ সিনারিও ধরে ধরে অনুশীলন করেছেন তাঁরা। এর পাশাপাশি বিসিবির আনা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকেও শিখেছেন কিছু কৌশল।
তবে বিশ্বকাপ দল থেকে অফ স্পিনার সুমনাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে কিছু বিতর্ক ছিল। কোচ ব্যাখ্যা দিয়েছেন, বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে কার্যকর না হওয়ায় তাঁকে দলে রাখা হয়নি। তাঁর বদলে অফস্পিনার নিশিতাকে নেওয়া হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে নারী বিশ্বকাপ। বাংলাদেশের মেয়েরা ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। মূল আসরের আগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে নিগারদের।











