মা হারিয়ে ভেঙে পড়েছিলেন অর্ষা, এখন ফিরছেন অভিনয়ে
জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা কয়েক মাস আগে মাকে হারিয়েছেন। দীর্ঘ সাত বছর ধরে অসুস্থ ছিলেন তাঁর মা। শুটিং করার সময়ও মায়ের খোঁজখবর নিতে ব্যস্ত থাকতেন তিনি। জুনে মা চলে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন অর্ষা, বিরতি নেন কাজ থেকেও।
অর্ষা বলেন, ‘মা আমার জন্য শক্তি ছিলেন। এখনো মনে হয় খুব দুর্বল হয়ে গেছি। শুটিংয়ে এলে মাকে খুব মিস করি। মাঝে মাঝে মনে হয়, বাসায় গেলেই হয়তো মাকে পাব।’
আবারও অভিনয়ে
সর্বশেষ ‘ক্যাম্পাস’ নামের ধারাবাহিকে দেখা গিয়েছিল অর্ষাকে। এরপর ছোট পর্দায় তাঁকে খুব একটা পাওয়া যায়নি। তবে সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ ধারাবাহিকে ‘সেতু’ চরিত্রে নতুনভাবে হাজির হয়েছেন তিনি। চরিত্রটিতে দেখা যাবে, গ্রাম থেকে আসা মেয়েদের পাশে দাঁড়াচ্ছেন, পোশাককর্মীদের হয়ে অন্যায়ের প্রতিবাদ করছেন।
অর্ষার ভাষায়, ‘আমি শুধু সংখ্যা বাড়ানোর জন্য কাজ করি না। ভালো গল্প, শক্ত চরিত্র আর মানসম্মত কাজের অপেক্ষায় থাকি।’
শিল্পীর দায়বদ্ধতা
অর্ষার মতে, শিল্পীর দায়িত্ব সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। তিনি বলেন, ‘শিল্পীর কাজ দর্শকের মনে প্রভাব ফেলে। তাই আমি সব সময় এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেগুলো ইতিবাচক বার্তা দেয়।’
বর্তমানে তিনি রুমান রুনির পরিচালনায় বৈশাখী টেলিভিশনের ‘গিট্টু’ ধারাবাহিকেও অভিনয় করছেন।
সিনেমার অপেক্ষায়
চার বছর আগে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’-তে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন অর্ষা। সেই ফিল্মের ‘তানিয়া’ চরিত্রটি এখনো দর্শকদের মনে আছে। তবে সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি জানান, হাতে কিছু গল্প আছে, তবে নিশ্চিত না হওয়া পর্যন্ত বলতে চান না।
অর্ষা বলেন, ‘আমি চাই সিনেমায় এমন কিছু করতে, যা আমার আগের কাজগুলোকেও ছাড়িয়ে যায়। দর্শকদের সামনে খুব শিগগিরই ভালো খবর দেব।’











