ব্যালন ডি’অরের মঞ্চে আজ দেম্বেলের নামই শোনা যাবে?
বার্সেলোনায় ছয় বছরের যাত্রাটা উসমান দেম্বেলের জন্য তেমন সুখকর ছিল না। মাঠে যতটা আলো ছড়ানোর কথা ছিল, তার চেয়ে বেশি আলোচনায় ছিল তাঁর ইনজুরি আর নানা বিতর্ক। শেষ পর্যন্ত ২০২৩ সালে তিনি বার্সা ছেড়ে যোগ দেন পিএসজিতে।
সেই সময়ই পিএসজিতে বড় পরিবর্তন চলছিল। নেইমার-মেসির বিদায়, এমবাপ্পেরও চলে যাওয়ার প্রস্তুতি—সব মিলিয়ে নতুন পোস্টার বয় হয়ে হাজির হন দেম্বেলে। কোচ লুইস এনরিকের হাত ধরে দলটা হয় আরও গুছানো, আর সেই দলকেই ইউরোপ সেরা বানাতে বড় ভূমিকা রাখেন ফরাসি এই উইঙ্গার।
২০২৪-২৫ মৌসুমটা দেম্বেলের ক্যারিয়ারের সেরা সময়। মৌসুমজুড়ে করেছেন ৩৫ গোল, করিয়েছেন ১৬ গোল। শুধু তাই নয়, মৌসুমের দ্বিতীয় ভাগে তিনি হয়ে ওঠেন একেবারে অপ্রতিরোধ্য—টানা গোল, হ্যাটট্রিক, রেকর্ড ভাঙা পারফরম্যান্স। চ্যাম্পিয়নস লিগে ৮ গোল ও ৬ অ্যাসিস্টসহ মোট ১৪ গোলের অবদান রেখে পিএসজিকে এনে দিয়েছেন ক্লাব ইতিহাসের প্রথম ট্রেবল—লিগ, কাপ আর চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন পূরণ।
ব্যালন ডি’অরের দৌড়ে আছেন সালাহ, এমবাপ্পে, ইয়ামাল, রাফিনিয়াদের মতো তারকারা। তবে দলীয় সাফল্য আর ব্যক্তিগত পরিসংখ্যান—দুই দিক থেকেই এগিয়ে আছেন দেম্বেলে। সবকিছু ঠিক থাকলে আজ রাতে প্যারিসের ঝলমলে মঞ্চে সোনালি ট্রফি হাতে তুলবেন তিনিই।
এটা শুধু দেম্বেলের ব্যক্তিগত প্রাপ্তিই নয়, বরং পিএসজির ইতিহাস বদলে দেওয়া মৌসুমেরও স্বীকৃতি হবে।











