ভারত–পাকিস্তান ম্যাচ আর দ্বৈরথ নয়: সূর্যকুমার যাদব
অনেক দিন ধরেই ভারত–পাকিস্তান ক্রিকেট ম্যাচে আগের মতো উত্তেজনা নেই। একসময় দুই দলের লড়াই মানেই ছিল সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা। এখন পরিস্থিতি অন্য রকম। ম্যাচগুলো হয় একপেশে, উত্তেজনা থাকে মাঠের বাইরে; খেলায় আর সেই রং নেই।
এবার বিষয়টি খোলাখুলিভাবেই বললেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারানোর পর তিনি মন্তব্য করেন, ভারত–পাকিস্তান ম্যাচকে আর ‘দ্বৈরথ’ বলা যায় না।
কারণও দেখিয়েছেন সূর্যকুমার। সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইয়ে পাকিস্তানের রেকর্ড খুব খারাপ। শেষ ৮ ম্যাচের ৭টিতেই তারা হেরেছে ভারতের কাছে। ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপেই শেষবার জিতেছিল পাকিস্তান। এরপর টানা ৬ ম্যাচ হারের রেকর্ড তৈরি করেছে তারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সূর্যকুমার বলেন,
‘আমার মনে হয়, আপনাদের এই রাইভালরি (দ্বৈরথ) নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত। যদি কোনো দল ১৫–২০ ম্যাচ খেলে, তার মধ্যে ৭–৭ বা ৮–৭ হয়, তবে একে দ্বৈরথ বলা যায়। কিন্তু যখন ফল ১৩–০ বা ১০–১ হয়, তখন আর এটাকে রাইভালরি বলা ঠিক না।’
কাল দুবাইয়ে পাকিস্তান যদিও শুরুটা ভালো করেছিল—প্রথম ১০ ওভারে তোলে ৯১ রান। কিন্তু শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭১ রানেই থেমে যায় তারা। ভারতের জন্য লক্ষ্যটা খুব একটা কঠিন ছিল না। শুবমান গিল ২৮ বলে ৪৭ রান করে ব্যাটিংয়ে ঝড় তোলেন। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটসম্যানদের দৃঢ়তায় সহজ জয় তুলে নেয় দলটি।
ম্যাচ নিয়ে সূর্যকুমার বলেন,
‘আমার মনে হয় ম্যাচের আসল পরিবর্তন এসেছিল ইনিংস ব্রেকের সময়। ওদের শরীরী ভাষা বদলে গিয়েছিল। সাধারণত খেলার রঙ বদলায় পাওয়ার প্লের পর, কিন্তু আজ দশ ওভারের পর থেকেই আমরা বুঝতে পারি কী করতে হবে।’











