জিদানের ছেলে লুকা আলজেরিয়ার হয়ে খেলবেন
ফরাসি ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান এবার আলজেরিয়ার জাতীয় দলে খেলবেন। ২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফিফা থেকে আলজেরিয়ার হয়ে খেলার অনুমতি পেয়েছেন। বর্তমানে তিনি স্পেনের দ্বিতীয় বিভাগীয় ক্লাব গ্রানাডায় খেলছেন।
লুকা ফ্রান্সের মার্সেইয়ে জন্মগ্রহণ করেছেন, তবে আলজেরিয়ার নাগরিকত্বও আছে। তাঁর বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা আলজেরিয়ার ছিলেন।
লুকা তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে। পরে তিনি খেলে এসেছেন স্পেনের রেসিং সান্তেন্দার, রায়ো ভায়েকানো ও আইবারে। চলতি মৌসুমে গ্রানাডায় চারটি ম্যাচ খেলে ফেলেছেন। ২০১৮ সালে তিনি ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও, সিনিয়র জাতীয় দলে সুযোগ পাননি। ফ্রান্সের দলে ডাক না পাওয়ায় তিনি আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
আলজেরিয়ার দলে জায়গা পাওয়া লুকার জন্য সহজ হবে না। প্রতিযোগিতা করতে হবে অ্যান্থনি মান্দ্রেয়া, আলেক্সিস গুয়ানদুজ এবং উসামা বেনবটের সঙ্গে। দলের অভিজ্ঞ গোলরক্ষক আলেক্সান্দ্র ওকিদজা বর্তমানে চোটে আছেন।
আলজেরিয়া অক্টোবরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে খেলবে। ডিসেম্বরে তারা আফ্রিকা কাপ অব নেশনসে অংশ নেবে। লুকার তিন ভাইও ফুটবলের সঙ্গে যুক্ত। বড় ভাই এনজো মিডফিল্ডার ছিলেন এবং ২৯ বছর বয়সে অবসর নিয়েছেন। থিও (মিডফিল্ডার) ও এলিয়াজ (ডিফেন্ডার) বর্তমানে স্পেনের রিয়াল বেতিসে খেলছেন।











