জয়পুরহাটে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী লাশ, দুই নারী আটক
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামে নিখোঁজের দুই দিন পর তাসনিয়া খাতুন (১০) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। তাসনিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
শুক্রবার রাত আটটার দিকে প্রতিবেশী একরামুল হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর পরপরই উত্তেজিত গ্রামবাসী একরামুলের বাড়ি ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালান। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
ক্ষেতলাল থানার ওসি আবদুল করিম জানান, শিশুটির গলায় রক্তের দাগ রয়েছে। গলা কেটে নাকি শ্বাসরোধে হত্যা করা হয়েছে—তা এখনও নিশ্চিত নয়। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, তাসনিয়া নিখোঁজ হওয়ার সময় তার শরীরে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার স্বর্ণালংকার ছিল। তাঁদের ধারণা, মুক্তিপণ বা স্বর্ণালংকারের লোভে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
জয়পুরহাটের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে অন্য কোনো কারণও থাকতে পারে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।









