কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন আজ, সভাপতি-সম্পাদক পদে লড়ছেন ৬ নেতা
কিশোরগঞ্জে দীর্ঘ ৯ বছর পর আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শহরের পুরোনো স্টেডিয়ামে আয়োজিত এ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছয়জন প্রার্থী।
দলীয় সূত্রে জানা গেছে, জেলার ১৩টি উপজেলা ও ৮ পৌর কমিটির দুই হাজারের বেশি কাউন্সিলরের ভোটে নেতৃত্ব নির্বাচন করা হবে। সম্মেলন ঘিরে শহরজুড়ে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ভরে গেছে। দুই শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। স্টেডিয়ামে বিশাল মঞ্চ ও ৩০ হাজার বর্গফুটের অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া জাতীয় নির্বাহী কমিটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বর্তমান জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
সভাপতি পদে লড়ছেন বর্তমান সভাপতি মো. শরীফুল আলম (প্রতীক: আনারস) এবং জেলা বিএনপির সহসভাপতি রুহুল হোসাইন (প্রতীক: ছাতা)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম (রিকশা), সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল (ফুটবল), শফিকুল আলম রাজন (মাছ) ও সাজ্জাদুল হক (গোলাপ ফুল)।
দলীয় গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ বিধান মানা হয়নি বলে অভিযোগ উঠলেও নেতারা বলছেন, দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হওয়ায় এটিকে বিএনপি তাদের গণতান্ত্রিক চর্চার বড় উদাহরণ হিসেবে দেখছে।








