এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার রাশিয়ার
ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ নাকচ করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের যুদ্ধবিমান আন্তর্জাতিক নিয়ম মেনেই উড়েছে এবং কোনো রাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেনি।
শনিবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিমানগুলো উত্তর-পশ্চিম রাশিয়া থেকে বাল্টিক সাগরের ওপর দিয়ে কালিনিনগ্রাদে গেছে। নির্ধারিত আকাশপথে উড়াল সম্পন্ন করার সময় সেগুলো এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।
অন্যদিকে এস্তোনিয়া বলছে, রাশিয়ার তিনটি মিগ–৩১ যুদ্ধবিমান প্রায় ১২ মিনিট ধরে তাদের আকাশে অবস্থান করে। এ ঘটনাকে তারা ‘নজিরবিহীন বেপরোয়া অনুপ্রবেশ’ হিসেবে বর্ণনা করেছে। ন্যাটোও জানিয়েছে, শুক্রবার ফিনল্যান্ড উপসাগরের ওপর এস্তোনিয়ার আকাশে ওই যুদ্ধবিমানগুলো প্রবেশ করে এবং পরবর্তীতে সেগুলোকে প্রতিহত করা হয়।
এর আগে গত সপ্তাহে পোল্যান্ড ও রোমানিয়ার আকাশেও রুশ ড্রোন প্রবেশের অভিযোগ ওঠে। পোল্যান্ডের দাবি, তাদের আকাশে প্রবেশ করা ২০টিরও বেশি ড্রোনের কয়েকটি ন্যাটোর যুদ্ধবিমান ভূপাতিত করে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ন্যাটো ও মস্কোর মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।










