যুক্তরাষ্ট্রের মাইনর লিগে ব্যাটে–বলে ঝলমলে সাকিব
ব্যাট হাতে ঝলক, বল হাতে সাফল্য—যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে দারুণভাবে অভিষেক হলো সাকিব আল হাসানের। আটলান্টা ফায়ারের হয়ে তিনি খেলেছেন ১৭ বলে অপরাজিত ২৭ রানের ঝোড়ো ইনিংস। বোলিংয়েও ২ ওভারে মাত্র ৯ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।
আটলান্টার ইনিংসে ছয়ে নেমে সাকিব গড়েন ৪১ বলে ৭৯ রানের দুর্দান্ত জুটি আরেক বাঁহাতি ব্যাটার স্টিভেন টেলরের সঙ্গে। টেলর খেলেন ঝড়ো ৯৭ রানের ইনিংস, যেখানে ছিল ১২টি ছক্কা, কোনো চার নয়। শেষ পর্যন্ত আটলান্টা তোলে ২০ ওভারে ১৮১ রান।
জবাবে মরিসভিল র্যাপ্টর্স ২০ ওভারে করতে পারে মাত্র ৮৫ রান। সাকিব ছাড়াও আটলান্টার স্পিনার সানি প্যাটেল নেন ৫ রানে ৩ উইকেট। ফলে আটলান্টা জিতে যায় ৯৬ রানের বড় ব্যবধানে।
এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খুব একটা ভালো করতে পারেননি সাকিব। ১১ ম্যাচে করেছিলেন মাত্র ১৮০ রান, নিয়েছিলেন ৬ উইকেট। তবে মাইনর লিগে অভিষেকেই যেন ফিরলেন পুরোনো দিনের সেই অলরাউন্ডার রূপে।
জাতীয় দলের বাইরে থাকলেও সাকিব নিয়মিত খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। পিএসএল, গ্লোবাল সুপার লিগ, ম্যাক্স ৬০ ও সিপিএল খেলার পর এবার তিনি যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আলো ছড়াচ্ছেন।
সংক্ষিপ্ত স্কোর
-
আটলান্টা ফায়ার: ২০ ওভারে ১৮১/৪ (টেলর ৯৭*, সাকিব ২৭*)
-
মরিসভিল র্যাপ্টর্স: ২০ ওভারে ৮৫/৭ (রাজ ৫০; সানি ৩/৫, সাকিব ২/৯)
-
ফল: আটলান্টা ফায়ার জয়ী ৯৬ রানে











