যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার
বয়সের কারণে বেশি দিন কারাগারে থাকা বন্দীদের মুক্তির বিষয়টি বিবেচনায় রেখে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে সরকার।
রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, বর্তমানে ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর। নতুন প্রস্তাব অনুযায়ী বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে এই মেয়াদ ২০ বছর করা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে মেয়াদ কিছুটা বেশি থাকবে। তবে এটি এখনো চূড়ান্ত নয়, কিছু শর্ত যুক্ত করা হবে।
একই সময়ে ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী আসনের সীমানা নিয়ে মহাসড়ক অবরোধের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাস্তা অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশন আইন অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। জনগণের অভিযোগ থাকলে তারা সঠিক চ্যানেলে আবেদন করতে পারেন। কিন্তু সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করা যাবে না। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।”
বৈঠকে পুলিশের প্রশিক্ষণ, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি, চুরি–ডাকাতি ও মাদক রোধ, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং রাকসু–চাকসু নির্বাচন নিয়ে আলোচনা হয়।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








