প্রথম দুই ওভারের দুঃস্বপ্নে হেরে গেল বাংলাদেশ
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা যেন দুঃস্বপ্নই ছিল বাংলাদেশের জন্য। ইনিংসের প্রথম দুই ওভারেই দুই ওপেনার ফিরে গেলে রান ছিল শূন্য! টি–টোয়েন্টিতে এ ধরনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য প্রথম। এমন শুরুর পর ব্যাট হাতে খানিকটা লড়াই করেছিলেন লিটন দাস, তবে তিনিও বেশিদূর যেতে পারেননি।
প্রথম ১০ ওভারের মধ্যে ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দল। সেখান থেকে ভরাডুবি এড়ান জাকের আলী ও শামীম হোসেন। দুজনের জুটি দলকে টেনে তোলে। শেষ পর্যন্ত দুজনই অপরাজিত থেকে খেলেন ৬১ বলে ৮৬ রানের রেকর্ড জুটি। তাতেই বাংলাদেশ ২০ ওভার শেষে সংগ্রহ করে ১৩৯ রান।
তবে এই রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। শুরুতে কিছুটা চাপে ফেললেও মাঝের ওভারে ক্যাচ ছাড়ার মাশুল দিতে হয় বাংলাদেশকে। পাতুম নিশাঙ্কা ও কামিল মিশারার ৯৫ রানের জুটিই ম্যাচ ঘুরিয়ে দেয়। জীবন পাওয়া মিশারা শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন ৩২ বলে ৪৬ রান করে।
১৪.৪ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশকে ৬ উইকেটে হার মানতে হয়। এই হারে এশিয়া কাপে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পথ এখন কঠিন হয়ে গেল। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (শামীম ৪২*, জাকের ৪১*, লিটন ২৮)
শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ (নিশাঙ্কা ৫০, মিশারা ৪৬*)
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: কামিল মিশারা











