নেত্রকোনায় ধনু নদে স্পিডবোটডুবি, ৩ শিশুর লাশ উদ্ধার, একজন এখনো নিখোঁজ
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ধনু নদে স্পিডবোট ডুবে তিন শিশুর লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন তরুণী।
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর শনিবার ও রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৭০০ মিটার দূরে ভেসে ওঠে তিন শিশুর লাশ।
নিহতরা হলেন—আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে ঊষামণি (৫), স্বপন মিয়ার মেয়ে লাইলা আক্তার (৭) ও সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১)। নিখোঁজ আছেন নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের জন্য কিশোরগঞ্জ থেকে একটি স্পিডবোট আনা হয়। বরযাত্রীরা রওনা হওয়ার আগে কয়েকজন শিশু ও নারী ওই বোটে চড়ে হাওরে ঘুরতে যান। এ সময় ধনু নদে একটি বাল্কহেড এড়িয়ে যেতে গিয়ে কাছের জেলেদের নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। জেলেদের সঙ্গে বোট চালকের কথা–কাটাকাটির একপর্যায়ে স্পিডবোটটি উল্টে যায়। এতে চারজন নিখোঁজ হন এবং আরও কয়েকজন আহত হন। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
খালিয়াজুরির ভারপ্রাপ্ত ইউএনও এম এ কাদের জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দলও অভিযান চালাচ্ছে। উদ্ধার হওয়া তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, নদীতে পানির গভীরতা ও স্রোতের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। নিখোঁজ আরেকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।








