নিউইয়র্কবাসীর জন্য বিশ্বকাপ টিকিট সস্তা করতে চান মামদানি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে টিকিটের দাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি মনে করেন, সাধারণ নিউইয়র্কবাসীর নাগালের বাইরে চলে যাচ্ছে টিকিটের দাম। তাই তিনি ফিফাকে দাম কমাতে এবং স্থানীয়দের জন্য বিশেষ ছাড় দিতে আহ্বান জানিয়েছেন।
ফিফা জানিয়েছে, চাহিদার ভিত্তিতে টিকিটের দাম ওঠানামা করবে। তবে এ পরিকল্পনাকে মামদানি বলছেন “মূল্য বৃদ্ধি” বা অযৌক্তিক দাম বাড়ানো। তাঁর প্রস্তাব, নিউইয়র্কের বাসিন্দাদের জন্য কম দামে অন্তত ১৫ শতাংশ টিকিট বরাদ্দ রাখা উচিত।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে মামদানি বলেন,
“আমি ফুটবলের আজীবন সমর্থক। কিন্তু প্রশ্ন হচ্ছে—শ্রমজীবী নিউইয়র্কবাসীরা কি সত্যিই মাঠে বসে বিশ্বকাপ দেখতে পারবে?”
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। এর মধ্যে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনালসহ আটটি ম্যাচ। স্টেডিয়ামটি নিউইয়র্ক সিটি থেকে খুব কাছেই অবস্থিত।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রুপপর্বের টিকিটের দাম শুরু হবে ৬০ ডলার থেকে এবং ফাইনালের টিকিট সর্বোচ্চ ৬,৭৩০ ডলার পর্যন্ত হতে পারে। তবে অনলাইনে টিকিট কেনার সুযোগ প্রথমে শুধু ভিসা কার্ডধারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মামদানির দাবি, এত বেশি দাম হলে “শ্রমিক–শ্রেণি ও সাধারণ মানুষ” মাঠে বসে খেলা দেখার সুযোগ হারাবে। তাঁর কথায়,
“ফিফা আসলে মানুষের ভালোবাসার খেলাটিকে তাদের কাছ থেকেই দূরে সরিয়ে দিচ্ছে।”











