বাকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন: হামলার বিচার ও দ্রুত ক্লাস শুরুর দাবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় দ্রুত খুলে দিয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষা চালু করা জরুরি। তাঁরা ‘প্রশাসনের কালক্ষেপণ মানি না, মানব না’, ‘বহিরাগত হামলার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা প্রতিবাদ জানান। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদী বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল—আমরা সমন্বিত ডিগ্রি (ডিভিএম, কম্বাইন্ড ও বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি) চালুর সিদ্ধান্ত মেনে নিলে বিশ্ববিদ্যালয় খোলা হবে। আমরা শর্তসাপেক্ষে তা মেনে নিয়েছি। কিন্তু এরপরও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তাই হামলার বিচার ও দ্রুত বিশ্ববিদ্যালয় চালুর দাবিতে আজ মানববন্ধন করেছি।”
গত ৩১ আগস্ট রাতে সমন্বিত ডিগ্রি চালুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। এর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। তবে অনেকেই হল ত্যাগ করেননি। ফলে প্রায় দুই সপ্তাহ ধরে অচলাবস্থায় রয়েছে বাকৃবির একাডেমিক কার্যক্রম।









