ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী ছাত্রদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আমি আজ ব্যক্তিগতভাবে জয়ীদের অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের সুন্দর রীতি।”
তবে নির্বাচনের কিছু ত্রুটি ছিল বলে উল্লেখ করেন তিনি। “এ ধরনের নির্বাচন অনেক বছর পরে অনুষ্ঠিত হয়েছে, তাই কিছু সমস্যা হওয়ার স্বাভাবিক বিষয়,” বলেন সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ডাকসু নির্বাচনে শিবিরের জয় নিয়ে কিছু সংবাদ প্রকাশিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমার জানা অনুযায়ী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নির্বাচনে অংশ নেয়নি। তাদের নামে বা ব্যানারে কোনো প্যানেল দেওয়া হয়নি।”
ডাকসুর ফলাফল জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে তিনি বলেন, “ভিপি–জিএস নির্বাচিত অনেক নেতা বর্তমানে জাতীয় রাজনীতিতে আছেন, কেউ কেউ সংসদেও গেছেন। বাকিরা এখনও লড়াই করছেন। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ও নতুন গণতান্ত্রিক প্রথা প্রচলন করা খুব জরুরি। “রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দিন শেষে আমরা সবাইকে অভিনন্দন জানাব। এটাই আমাদের রীতি,” যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি থাকা জরুরি। কারণ শিক্ষাঙ্গন থেকেই দেশের ভবিষ্যৎ নেতা তৈরি হয়। যারা ছাত্ররাজনীতির বিরোধিতা করেন, আমি তাদের সঙ্গে একমত নই।”
বক্তব্যে তিনি জাতীয়তাবাদী মহিলা নেতৃবৃন্দকে আরও সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানান এবং জানান, বিএনপি সরকার গঠিত হলে নারী নেতৃত্ব ও সংসদ নির্বাচনে সরাসরি নারী প্রার্থী বাড়ানো হবে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনসহ মহিলা দলের ঢাকা মহানগর ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








