বলিউডে একাই সাহস দেখালেন প্রীতি জিনতা: আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে দাঁড়ালেন তিনি
আশি ও নব্বইয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল খুবই শক্তিশালী। সিনেমায় বিনিয়োগ করতেন মাফিয়া, আবার তারকারাও হুমকির মুখোমুখি হতেন। অনেকেই ভয়ে চুপ থাকতেন। কিন্তু অভিনেত্রী প্রীতি জিনতা এই অন্ধকার শক্তির মুখোমুখি দাঁড়িয়েছিলেন।
২০০১ সালে সালমান খান ও রানী মুখার্জির সঙ্গে ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে অভিনয় করেন প্রীতি। তখন সংবাদ ছড়ায়, ছবিতে বিনিয়োগ করেছেন আন্ডারওয়ার্ল্ডের ছোটা শাকিল। পুলিশ বিষয়টি জানার পর ছবির প্রিন্ট জব্দ হয় এবং পুরো ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময়ে প্রীতি ও কয়েকজন তারকা হুমকির ফোন পান। তবে প্রীতি ভয় পেয়ে পিছু হটেননি।
মামলা আদালতে গেলে পুলিশ জিজ্ঞাসা করেন, তারকারা সাক্ষ্য দিতে প্রস্তুত কি না। অধিকাংশ তারকা গা বাঁচান, কিন্তু প্রীতি স্পষ্টভাবে গ্যাংয়ের নাম উল্লেখ করে জানান, তাঁকে ফোন করে টাকা দাবি করা হয়েছিল।
প্রীতির সাহসী সাক্ষ্যের পর পুলিশ গ্রেপ্তার করে ভরৎ শাহ ও প্রযোজক নাজিম রিজভিকে। বলিউডের ইতিহাসে এই ঘটনা বিরল, যেখানে এক নায়িকা কেবল সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবিতেও সাহসের নজির স্থাপন করেছেন।
তথ্যসূত্র: ইন্ডিয়া.কম











