বিতর্কিত পেনাল্টিতে হেরে গেল আর্জেন্টিনা
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে হেরে গেছে আর্জেন্টিনা। গুয়াইয়াকিলে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা ১-০ গোলের জয় পায়।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ের ১৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন ইকুয়েডরের ফরোয়ার্ড এনের ভ্যালেন্সিয়া।
পেনাল্টি সিদ্ধান্তটি নিয়েই তৈরি হয়েছে বড় বিতর্ক। ইকুয়েডরের রাইটব্যাক অ্যাঞ্জেলো প্রিসিয়াদো বলের জন্য লাফ দিলে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোর কনুই লাগে তাঁর মুখে। তখনই খেলাটি থামাননি রেফারি উইলমার রোলদান। তবে ভিএআর দেখে পরে পেনাল্টির বাঁশি বাজান তিনি।
ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ বলেন,
“পেনাল্টি অন্যায্য ছিল। ওতামেন্দির লাল কার্ড মেনে নেওয়া যায়, কিন্তু এই পেনাল্টি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। বাইরে খেলতে আসলেই রেফারিরা আমাদের জন্য সবকিছু কঠিন করে তোলেন।”
ডিফেন্ডার তালিয়াফিকোরও অভিযোগ, মাঠের অন্য জায়গায় একই ঘটনা ঘটলে ফাউলও ধরা হতো না। তাঁর ভাষায়,
“আমি শুধু স্বাভাবিক ভঙ্গিতে লাফ দিয়েছিলাম। এটা খুব সাধারণ পরিস্থিতি ছিল। কিন্তু বক্সের ভেতর হওয়ায় রিভিউ করে শাস্তি দেওয়া হয়েছে, যা বেশ অদ্ভুত।”
আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনা শেষ ম্যাচে হেরে গেলেও তাদের কোনো ক্ষতি হয়নি।











