সুখী ও সফল জীবনের জন্য ওয়ারেন বাফেটের ১০ সহজ পরামর্শ
বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের বয়স এখন ৯৪। তবে আজও তিনি জীবন কাটান নিজের নিয়মে, নিজের মতো করে। তাই তো তাঁকে বলা হয় ‘ওমাহার জাদুকর’। বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান এই সফল মানুষটি চল্লিশের বেশি বয়সীদের জন্য দিয়েছেন ১০টি সহজ পরামর্শ। যা তিনি নিজেও মেনে চলেন এবং পেয়েছেন সফলতা ও মানসিক শান্তি। চলুন দেখে নেই—
১. যা খেতে ভালো লাগে, সেটাই খান
বাফেট প্রতিদিন ম্যাকডোনাল্ডসের নাশতা, কোকাকোলা আর পিনাট ব্রিটল খেতে পছন্দ করেন। তাঁর মতে, খাওয়াদাওয়ার আনন্দও জীবনের বড় বিনিয়োগ।
২. টাকার চেয়ে সম্পর্কের মূল্য দিন
তিনি বলেন, ‘শর্তহীন ভালোবাসা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’ অর্থ দিয়ে ভালোবাসা বা সম্পর্ক কেনা যায় না।
৩. ব্যবসায় ধৈর্য ধরুন
বাফেট বলেন, টাকা বাড়াতে ঝুঁকিপূর্ণ কৌশলের দরকার নেই। বরং কম খরচের ইনডেক্স ফান্ডে বিনিয়োগই সবচেয়ে ভালো উপায়।
৪. সঠিক বন্ধু বেছে নিন
যাদের মতো হতে চান, তাদের সঙ্গেই থাকুন। কারণ, ভালো মানুষদের সঙ্গ চরিত্র গঠনে সাহায্য করে।
৫. একঘেয়েমিকে কাজে লাগান
প্রতিদিন তিনি পাঁচ-ছয় ঘণ্টা বই পড়েন। তাঁর মতে, ব্যস্ত থাকা নয়, কৌতূহলী থাকা-ই আসল কৃতিত্ব।
৬. সাধ্যের মধ্যে থাকুন
বাফেট আজও থাকেন সেই বাড়িতে, যা তিনি কিনেছিলেন ১৯৫৮ সালে। তাঁর কথা, যত কম চাইবেন, তত কম চিন্তা থাকবে।
৭. ‘না’ বলতে শিখুন
বেশিরভাগ মিটিং, ডিনার বা কনফারেন্সে তিনি যান না। তাঁর মতে, খুব সফল মানুষরা অপ্রয়োজনীয় বিষয়কে ‘না’ বলতে জানেন।
৮. সঠিক মানুষকে জীবনসঙ্গী করুন
বাফেট বলেন, জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো কাকে বিয়ে করবেন। সঠিক মানুষ আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে।
৯. প্রতিভার চেয়ে স্বভাব জরুরি
তিনি মনে করেন, দক্ষতা শেখানো যায়, কিন্তু সততা শেখানো যায় না। তাই বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গেই চলা উচিত।
১০. পরিষ্কারভাবে চিন্তা করুন
ওয়াল স্ট্রিট ছেড়ে ওমাহায় গিয়ে তিনি দেখিয়েছেন—জীবনে শান্তি আর স্বচ্ছতা বেছে নেওয়াই উন্নতির আসল পথ।









