পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে নিশাত সালওয়ার প্রথম সিনেমা
প্রথম আলোচিত হন প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিশাত সালওয়া। তবে সেই সিনেমাটি এখনো মুক্তি পায়নি।
সালওয়ার বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল মোস্তাফিজুর রহমানের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবির মাধ্যমে। ছবিটির শুটিং হয় পাঁচ বছর আগে। নানা কারণে বারবার পিছিয়ে যায় মুক্তির তারিখ। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি আসছে প্রেক্ষাগৃহে।
পরিচালক জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর সিনেমাটি দেশের বিভিন্ন হলে মুক্তি পাবে। খবরটি পেয়ে উচ্ছ্বসিত সালওয়া। তিনি বলেন,
“আমার জীবনে প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। নতুন হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। এবার দর্শকের রায় জানার অপেক্ষায় আছি।”
সিনেমাটিতে সালওয়ার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। আরও আছেন মৌসুমী মিথিলা, শিমুল খান, রেবেকা, সুব্রত, মারুফ আকিব, আলী রাজসহ অনেকে।
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান, কোনাল, রাফাত, মৌসুমী মিথিলা ও প্রমিত। সংগীত করেছেন শাহরিয়ার রাফাত ও প্রমিত। গল্প ও সংলাপ লিখেছেন সুদীপ্ত সাঈদ খান।
দীর্ঘ প্রতীক্ষার পর এবার দর্শকরা বড় পর্দায় দেখতে পাবেন নিশাত সালওয়ার প্রথম সিনেমা।











