আইআইটি ইঞ্জিনিয়ার থেকে বলিউডের ভয়ের দানব অনিরুদ্ধ আগরওয়াল
বলিউডে এমন অনেক তারকা আছেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে পরে অভিনয়ে নাম লিখিয়েছেন। তবে আশির দশকে একজন অভিনেতা এমন ছিলেন, যিনি সত্যিই ইঞ্জিনিয়ারিং ছেড়ে সিনেমায় পা রেখেছিলেন। তিনি হলেন অনিরুদ্ধ আগরওয়াল—বলিউডের পর্দায় ভয়ংকর দানব চরিত্রে সবচেয়ে বেশি পরিচিত নাম।
অভিনয়ে আগমন
১৯৮৪ সালে রামসে ব্রাদার্সের হরর ছবি ‘পুরানা মন্দির’ দিয়ে অনিরুদ্ধের বলিউড যাত্রা শুরু। তাঁর লম্বা গড়ন আর ভয় ধরানো চেহারাই দর্শকদের মনে আতঙ্ক তৈরি করত। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন—“মানুষ আমাকে শুধু ভয়ের মুখ হিসেবেই দেখতে শুরু করেছিল।”
এরপর তিনি একে একে ‘বন্ধ দরওয়াজা’, ‘আজ কা অর্জুন’, ‘ব্যান্ডিট কুইন’, ‘মেলা’, এমনকি হলিউড–বলি মিশ্র প্রজেক্ট ‘দ্য জঙ্গল বুক’–এও কাজ করেন। তাঁর শেষ ছবি ছিল ২০১০ সালের ‘মল্লিকা’।
আইআইটি থেকে সিনেমা
অনিরুদ্ধ আগরওয়াল প্রথমে আইআইটি রুরকিতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন। এরপর মুম্বাইয়ে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিও করেন। কিন্তু অভিনয়ের টানে চাকরি ছেড়ে দেন। তবে সিনেমায় সুযোগ কমে গেলে আবার ফিরে যান নিজের মূল পেশায়—শুরু করেন কনস্ট্রাকশন ব্যবসা।
টেলিভিশনের দানব
শুধু সিনেমাই নয়, টেলিভিশনেও ভয়ংকর চরিত্রে তাঁকে দেখা গেছে। ‘শারারত’ আর ‘হাম পাঁচ’–এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তিনি দর্শকের মনে জায়গা করে নেন।
বর্তমান জীবন
বর্তমানে অনিরুদ্ধ আগরওয়াল মুম্বাইয়ে স্ত্রীকে নিয়ে থাকেন। তাঁর দুই সন্তান—এক ছেলে ও এক মেয়ে। সন্তানরা এখন বিদেশে বসবাস করছেন।











