জাতীয় নির্বাচনের প্রস্তুতির মডেল হবে ছাত্র সংসদ নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনসহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক বছর পর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, নির্বাচন শান্তিপূর্ণ ও ভালোভাবে হচ্ছে।
জাতীয় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত্র সংসদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের মধ্যে কিছু পার্থক্য থাকবে। যেমন—ডাকসু নির্বাচনে ভোটাররা সবাই শিক্ষিত এবং কর্মকর্তারাও উচ্চশিক্ষিত। কিন্তু জাতীয় নির্বাচনে সবার ক্ষেত্রে তা হবে না। তবুও ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি দৃষ্টান্ত তৈরি করবে।
এ ছাড়া তিনি জানান, ডাকসুর পর ধাপে ধাপে জাকসু, রাকসুসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।
মাদক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে মাদকের প্রবাহ বাড়ছে এবং ধরা পড়ার ঘটনাও বাড়ছে। তবে মাদক পুরোপুরি বন্ধ করা যায়নি। কারণ মিয়ানমারের সীমান্ত এখন আরাকান আর্মির দখলে, আর তাদের প্রধান আয়ের উৎসই মাদক ব্যবসা। সেখান থেকেই বাংলাদেশে মাদক আসছে।








