সুমাইয়া ও তাঁর মায়ের হত্যার বিচার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে শতাধিক শিক্ষার্থী কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা প্রশাসনকে ১২ ঘণ্টা সময় দিলেও ঘটনাটি স্পষ্টভাবে জানানো হচ্ছে না। এ কারণে তারা বিক্ষোভে নামে। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন— “ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই”, “আমার বোন কবরে, খুনি কেন বাইরে”, “বিচার চাই, বিচার চাই, সুমাইয়া হত্যার বিচার চাই”।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবদুল্লাহ আসেন। তিনি বেলা দুইটা পর্যন্ত অপেক্ষা করতে বলেন। তবে শিক্ষার্থীরা তাঁর কথা না শুনে আন্দোলন চালিয়ে যান।
শিক্ষার্থী ফারুক আল নাহিয়ান বলেন, “গতকালও আমরা একই দাবিতে বিক্ষোভ করেছি। কিন্তু পুলিশ কখনো বলে খুনি ধরা পড়েছে, কখনো বলে প্রেস কনফারেন্স হবে না। আমরা স্পষ্ট জবাব চাই। হত্যার রহস্য না খোলা পর্যন্ত আমরা এখান থেকে সরব না।”
গতকাল সোমবার সকালে নগরের কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া ও তাঁর মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাহমিনা বেগম কুমিল্লা শহরের সুজানগরের বাসিন্দা। আর সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
সহপাঠী নুরানি শেখ বলেন, “আমরা আমাদের বন্ধু সুমাইয়াকে হারিয়েছি। পুলিশ প্রথম থেকেই বিষয়টি নিয়ে টালবাহানা করছে। প্রয়োজনে আমরা মহাসড়ক বন্ধ করে আন্দোলন করব।”
জানতে চাইলে ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খুব শিগগিরই হত্যার বিস্তারিত প্রকাশ করা হবে।












