নেপালে বিক্ষোভে ফ্লাইট বন্ধ, হোটেলেই আটকে বাংলাদেশ দল
নেপালে চলমান সহিংস বিক্ষোভের কারণে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (সোমবার) স্থানীয় সময় দুপুর ৩টায় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে উঠার কথা ছিল লাল-সবুজের যোদ্ধাদের। কিন্তু বিক্ষোভ পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় সব ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে দলের দেশে ফেরা অনিশ্চিত হয়ে গেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। দলের সঙ্গে থাকা সাবেক ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন জানান, ‘পরিস্থিতি খুবই খারাপ। আমাদের হোটেলের আশেপাশেও বিক্ষোভ চলছে। কাছেই একটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ফুটবলাররা কেউ হোটেলের বাইরে যেতে পারছে না।’
এর আগে গতকালই (রবিবার) ফেরার টিকিট এগিয়ে এনে আজকের (সোমবার) ফ্লাইটের জন্য বুকিং দিয়েছিল বাফুফে। এমনকি সকালে টিকিট রি-শিডিউল ফিও দেওয়া হয়েছিল। কিন্তু দুপুরে আকস্মিকভাবে সব ফ্লাইট স্থগিত ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে বিক্ষোভের কারণে গতকালই স্থগিত হয়ে গেছে বাংলাদেশ-নেপালের দ্বিতীয় প্রীতি ম্যাচ। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল দুই দল।
নেপালে তরুণদের নেতৃত্বে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নিয়েছে। বিভিন্ন সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান, রাবার বুলেট ও ফাঁকা গুলি ব্যবহার করছে।
এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ৩ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। আগামী অক্টোবর মাসে হংকংয়ের বিপক্ষে হবে তাদের বাছাই পর্বের ম্যাচ।











