ভোটকেন্দ্রের সামনে লিফলেটের জট, ভোগান্তিতে ভোটাররা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের জটলা ও লিফলেট বিতরণের কারণে ভোটারদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও এসএম হলের ভোটকেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, ভোটকেন্দ্রের প্রবেশমুখে দাঁড়িয়ে অনেক প্রার্থী ও তাঁদের সমর্থকরা ভোটারদের হাতে লিফলেট ধরিয়ে দিচ্ছেন। কেউ ব্যাগ ভরে, কেউ আবার বক্সে লিফলেট নিয়ে অবস্থান করছেন। এতে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে, তৈরি হচ্ছে কৃত্রিম ভিড়।
আচরণবিধি অনুযায়ী ভোটের দিন কেন্দ্র থেকে অন্তত ১০০ মিটার দূরে প্রচারণা চালানোর নিয়ম থাকলেও বেশির ভাগ প্রার্থীই তা মানছেন না। ৭ সেপ্টেম্বরের পর সব ধরনের প্রচার নিষিদ্ধ থাকলেও অনেক প্রার্থী ও তাঁদের অনুসারী ভোটারদের লিফলেট দিয়ে যাচ্ছেন।
সকাল ৯টা ২০ মিনিটের দিকে মানবসেবা সম্পাদক পদপ্রার্থী এ বি জোবায়ের আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুললে কয়েকজন তাঁকে ‘ভুয়া’ স্লোগান দিয়ে তাড়িয়ে দেন।
পরে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা ভোটকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে জটলা দেখে আপত্তি জানান এবং শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ভিড় না করার অনুরোধ করেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, “এমন অভিযোগ পাওয়া গেছে। তবে সরেজমিনে গেলে বড় কোনো সমস্যা চোখে পড়েনি। এরপরও অভিযোগ এলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”








