নুরাল পাগলার দরবারে হামলা: হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লার পরিবার থানায় হত্যা মামলা করেছে। নিহতের বাবা আজাদ মোল্লা সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় এ মামলা করেন। মামলায় সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার পর সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন—গোয়ালন্দ পৌরসভার আলম চৌধুরীপাড়ার অভি মন্ডল (২৯) ও মানিকগঞ্জের ঘিওর উপজেলার আবদুল লতিফ (৩৫)। লতিফ গোয়ালন্দ পৌরসভার বায়তুল মোকাদ্দাস মসজিদের ইমাম।
এ ছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় করা অন্য মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ফরিদপুরের আসলাম শেখ (২৮) এবং গোয়ালন্দ পৌরসভার শহিদুল ইসলাম ওরফে বুদ্দু (৪৫)। এই মামলায় এখন পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, ঘটনার ভিডিও ফুটেজ দেখে অপু কাজী নামে এক ব্যক্তিকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় মসজিদের ইমাম আবদুল লতিফসহ আরও কয়েকজন জড়িত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার জুমার নামাজের পর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নুরাল পাগলার দরবারে হামলা চালানো হয়। তখন হামলাকারীরা লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়। এ ঘটনায় পুলিশের সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন। হামলার সময় পুলিশের গাড়ি ও ইউএনওর গাড়িও ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে রাসেল মোল্লা মারা যান। নিহত রাসেলের বাড়ি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে।











