ফরিদপুরে সীমানা পরিবর্তনের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ
ফরিদপুরে ভাঙ্গা উপজেলার সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কর্মসূচি শুরু হয়।
ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী ও মনসুরাবাদ এবং ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী, নওপাড়া ও পুখুরিয়া এলাকায় গাছ কেটে ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করা হয়। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ সময় অবরোধকারীরা স্লোগান দেন— “আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই”, “ভাঙ্গা আমার মা, মায়ের বিভাজন হতে দেব না” ইত্যাদি। সকাল সাড়ে ৯টার দিকে পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায়ও একইভাবে অবরোধ করা হয়।
পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিপুলসংখ্যক মানুষ অংশ নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে, যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তবে জরুরি যানবাহনগুলো চলতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এত দিন ফরিদপুর-৪ আসন গঠিত ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে। কিন্তু নির্বাচন কমিশনের ৪ সেপ্টেম্বরের গেজেটে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এলাকাবাসীর আন্দোলন চলছে।
এর আগে ৫ সেপ্টেম্বর একই দাবিতে মহাসড়কের সাতটি স্থানে অবরোধ করা হয়েছিল। এরপর নির্বাচন কমিশনে প্রজ্ঞাপন বাতিলের নোটিশও পাঠানো হয়। তবে কমিশন জানিয়েছে, আইন অনুযায়ী চূড়ান্ত তালিকা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই।











