কাঠমান্ডুতে অস্থিরতা, বাতিল বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতিবিরোধী আন্দোলনে উত্তাল পরিস্থিতির কারণে বাতিল হয়েছে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচ।
সোমবার রাত সোয়া ৮টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক ফেসবুক পোস্টে জানায়, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি আর হচ্ছে না।
দেশটিতে টানা বিক্ষোভ, সহিংসতায় প্রাণহানি বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করেছে।
অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) প্রস্তাব দিয়েছিল গ্যালারিশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের। তবে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, “গ্যালারিশূন্য ম্যাচেও ঝুঁকি রয়ে যায়। জনগণ যখন পার্লামেন্টে প্রবেশ করছে, তখন স্টেডিয়ামেও ঢুকে পড়তে পারে—এর নিশ্চয়তা নেই।”
খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাংলাদেশ দল নেপালের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর ফলে বাংলাদেশ-নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি বাতিল হলো। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ড্র করেছিল জামাল ভূঁইয়ারা।











