“ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কেউ ঠেকাতে পারবে না: প্রধান উপদেষ্টার কার্যালয়”

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঠেকানোর মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে।
বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা
শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—ঝটিকা মিছিল বা বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা এসব কর্মকাণ্ডের পেছনে আছেন, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
রাজনৈতিক ঐক্যের ওপর জোর
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার তাগিদ দেন। তিনি বলেন, সবাই মিলে কাজ করলে নির্বাচন ঘিরে কোনো ধরনের অস্থিরতা বা নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হবে না।
নিরাপত্তা ও সম্প্রীতির নিশ্চয়তা
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দুর্গাপূজাসহ সব ধর্মীয় অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয় বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে আলোচনা করবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয়, সে জন্য প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পল্লি বিদ্যুৎ সমিতি নিয়ে সিদ্ধান্ত
পল্লি বিদ্যুৎ সমিতির আন্দোলন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরকারের গঠিত কমিটির প্রতিবেদন অনুযায়ী বদলি হওয়া কর্মকর্তাদের ফেরানো হচ্ছে। তাই কর্মবিরতির প্রয়োজন নেই। তবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
রাজবাড়ীর ঘটনা
সম্প্রতি রাজবাড়ীতে ঘটে যাওয়া ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভিডিও ফুটেজ দেখে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।








