অস্ট্রেলিয়ায় মাশরুম লাঞ্চে ৩ খুন, এরিন প্যাটারসনের যাবজ্জীবন

অস্ট্রেলিয়ায় আলোচিত ‘মাশরুম লাঞ্চ হত্যাকাণ্ডে’ দোষী সাব্যস্ত হয়েছেন এরিন প্যাটারসন। মেলবোর্ন সুপ্রিম কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তবে রায়ের শর্ত অনুযায়ী অন্তত ৩৩ বছর কারাভোগ না করলে তিনি প্যারোলের আবেদন করতে পারবেন না।
৫০ বছর বয়সী এরিন নিজের বাড়িতে অতিথিদের জন্য বিফ ওয়েলিংটন রান্না করেছিলেন। কিন্তু সেই খাবারে মিশে ছিল বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম। এতে তার তিন আত্মীয় মারা যান এবং আরও একজন গুরুতর অসুস্থ হন। এ ঘটনা ঘটে ২০২৩ সালের ২৯ জুলাই।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন অনেক দর্শক ও সংবাদকর্মী। এরিন প্রায় পুরো সময় চোখ বন্ধ রেখেছিলেন। শুধু রায় ঘোষণার সময় তিনি চোখ খোলেন।
বিচারক মন্তব্য করেন, “আপনি সত্য গোপন করতে একের পর এক মিথ্যা বলেছেন, প্রমাণ নষ্ট করেছেন এবং পরিবারকে ভয়াবহভাবে বিশ্বাসঘাতকতা করেছেন।”
আদালতে বাদীপক্ষ দাবি করে, এরিন ইচ্ছাকৃতভাবে বিষ মিশিয়েছিলেন। তবে আদালত যাবজ্জীবনের পাশাপাশি ৩৩ বছর পর প্যারোলের সুযোগ রেখেছে।
কারাগারে এরিন প্রতিদিন ২২ ঘণ্টা একক সেলে থাকেন। খাবার-ওষুধ দেওয়া হয় দরজার ফাঁক দিয়ে। সপ্তাহে দু’বার লাইব্রেরি ব্যবহার করতে পারেন।
ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র অতিথি ইয়ান উইলকিনসন বলেন, “আমি চাই সবাই এ ঘটনার প্রতি দয়া ও সহমর্মিতা দেখাক।”
এরিনের শাস্তির ফলে এখন তার বাকি জীবন প্রায় পুরোটা জেলেই কাটাতে হবে।














