ইরানের অভিযোগ: পারমাণবিক ইস্যুতে বেপরোয়া পদক্ষেপ নিচ্ছে জার্মানি–ফ্রান্স–যুক্তরাজ্য

ইরান অভিযোগ করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি ঘিরে বেপরোয়া কৌশল নিচ্ছে ইউরোপের তিন শক্তিশালী দেশ—জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একজোট হয়ে এ তিন দেশের এই উদ্যোগ ইউরোপের বৈশ্বিক অবস্থানকে দুর্বল করবে।
রোববার যুক্তরাজ্যভিত্তিক গার্ডিয়ান–এ প্রকাশিত নিবন্ধে তিনি বলেন, এ তিন দেশ (ইথ্রি) এমন এক প্রক্রিয়া চালু করতে যাচ্ছে, যা ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তবে এর কোনো আইনি ভিত্তি নেই, ফলে ব্যর্থ হওয়ারই কথা।
আরাগচি অভিযোগ করে আরও বলেন, ২০১৫ সালের যৌথ পারমাণবিক চুক্তি ভেঙেছিল যুক্তরাষ্ট্র, ইরান নয়। অথচ ইউরোপের এই তিন দেশ সত্যটি উপেক্ষা করে উল্টো তেহরানের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তাঁর মতে, চুক্তি অনুযায়ী ইরান আইনসিদ্ধ প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছে, কিন্তু ইথ্রি নিজেদের দায়িত্বই পালন করতে পারেনি।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ইউরোপীয় নেতারা ইরানের সঙ্গে বাণিজ্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে মার্কিন চাপের মুখে সেই প্রতিশ্রুতি ভেঙে পড়ে।
তবে আরাগচি স্পষ্ট করে বলেছেন, আলোচনার দরজা এখনও খোলা আছে। কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে সমঝোতার ভিত্তিতে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণে নিয়ন্ত্রণে যেতে প্রস্তুত।










