তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন : সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “আমরা এখন নির্বাচনী আবহে আছি। সারা দেশে নির্বাচনকে ঘিরে আমেজ তৈরি হয়েছে। খুব শিগগিরই আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া আরও সুসংহত হয়ে যাবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “নির্বাচন হবেই। তবে তারেক রহমানের দেশে ফেরা নির্বাচনী প্রচারণার অর্ধেক কাজ শেষ করে দেবে। কারণ, তার প্রত্যাবর্তন হবে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা।”
সভায় উপস্থিত নেতা-কর্মীরা করতালি ও স্লোগানে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবরকে স্বাগত জানান। তবে কবে নাগাদ তিনি দেশে ফিরবেন— এ বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানাননি সালাহউদ্দিন।
বিএনপির এই নেতা বলেন, “তারেক রহমান তার মেধা, যোগ্যতা ও নেতৃত্বের মাধ্যমে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছেন। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতারা।








