১০ প্রশ্নে এশিয়া কাপ ২০২৫ – সময়, দল, তারকা ও পুরস্কার

এশিয়া কাপ ক্রিকেট আবারও শুরু হতে যাচ্ছে। মহাদেশীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত এই আসর নিয়ে অনেকের কৌতূহল থাকে। তাই সহজভাবে ১০টি প্রশ্নোত্তরে জেনে নিন এবারের এশিয়া কাপের সব তথ্য—
১. টুর্নামেন্ট কবে, খেলা কখন?
১৭তম এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৮ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে। প্রতিদিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে। শুধু যেদিন দুটি ম্যাচ থাকবে, সেদিন প্রথম ম্যাচ হবে সন্ধ্যা ৬টায়।
২. কেন আয়োজক হয়েও ভারত ম্যাচ আয়োজন করছে না?
ভারত আনুষ্ঠানিক আয়োজক হলেও পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সমস্যার কারণে সেখানে আয়োজন সম্ভব হয়নি। তাই সব ম্যাচ হচ্ছে নিরপেক্ষ ভেন্যু—সংযুক্ত আরব আমিরাতে।
৩. এবার কোন ফরম্যাটে হবে?
এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বিশ্বকাপের ধরন অনুযায়ী এশিয়া কাপের ফরম্যাট ঠিক হয়। যেহেতু ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই এবারও এই সংস্করণে খেলা হবে।
৪. কয়টি দল অংশ নিচ্ছে?
এশিয়া কাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি, মোট ৮টি দল।
-
সরাসরি যোগ্যতা পাওয়া ৫ দল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান
-
বাছাইপর্ব থেকে আসা ৩ দল: সংযুক্ত আরব আমিরাত, ওমান, হংকং
৫. নেপাল কেন নেই?
বাছাইপর্বে (এসিসি প্রিমিয়ার কাপ) ভালো শুরু করলেও সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরে যায় নেপাল। ফলে জায়গা করে নেয় হংকং।
৬. টুর্নামেন্টের ফরম্যাট কেমন?
-
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত
-
গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
প্রথমে গ্রুপ পর্ব, তারপর সুপার ফোর। সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনাল, যা হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।
৭. ভারত-পাকিস্তান ম্যাচ কবে?
সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটি হবে ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে। যদি দুই দল সুপার ফোর বা ফাইনালে ওঠে, তবে আবার মুখোমুখি হতে পারে।
৮. এবারে কী কী দেখার মতো?
-
পাকিস্তানের নতুন ব্যাটিং লাইনআপ
-
শ্রীলঙ্কায় সিরিজ জেতা বাংলাদেশের আত্মবিশ্বাসী দল
-
বিশ্বকাপজয়ী ভারতের পূর্ণশক্তির স্কোয়াড
-
আফগানিস্তানের প্রথম বড় শিরোপার লড়াই
এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ তো থাকছেই মূল আকর্ষণ।
৯. নজরে রাখার মতো তারকা কারা?
-
ভারত: অভিষেক শর্মা – তরুণ ওপেনার, দুর্দান্ত স্ট্রাইক রেট
-
আফগানিস্তান: আল্লাহ গজনফর – ১৯ বছরের রহস্য স্পিনার
-
পাকিস্তান: সালমান মির্জা – প্রতিশ্রুতিশীল বাঁহাতি পেসার
এ ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার কয়েকজন নবীন খেলোয়াড়ও নজর কাড়তে পারেন।
১০. প্রাইজমানি কত?
-
চ্যাম্পিয়ন: ৩ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮১ লাখ)
-
রানার্সআপ: ১.৫ লাখ মার্কিন ডলার











