তাইওয়ান প্রণালি অতিক্রমে কানাডা-অস্ট্রেলিয়ার জাহাজ, চীনের তীব্র ক্ষোভ
তাইওয়ান প্রণালির স্পর্শকাতর জলসীমা অতিক্রম করেছে কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি যুদ্ধজাহাজ। এ ঘটনায় চীন তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বেইজিং বলছে, এটি ইচ্ছাকৃত উসকানি এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ানোর চেষ্টা।
চীনের সেনাবাহিনী জানায়, কানাডার যুদ্ধজাহাজ এইচএমসিএস ভিল দ্য কুবেক এবং অস্ট্রেলিয়ার গাইডেড-মিসাইল ধ্বংসকারী এইচএমএএস ব্রিসবেনকে তাদের নৌবাহিনী অনুসরণ ও সতর্ক করেছে। চীনের মতে, এ ধরনের কর্মকাণ্ড ভুল বার্তা দিচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের জাহাজটি ৬ থেকে ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক আইন মেনে নিয়মিত নৌ চলাচলের অংশ হিসেবে প্রণালিটি অতিক্রম করেছে। একই সময়ে কানাডার জাহাজও ওই পথে গেছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক জলপথে চলাচলের স্বাধীনতা বজায় থাকবে।
কানাডার সেনাবাহিনী জানায়, ভিল দ্য কুবেক বর্তমানে অপারেশন হরাইজন-এর অংশ হিসেবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কাজ করছে। শান্তি ও স্থিতিশীলতা জোরদার করাই এর মূল লক্ষ্য। এর আগে জাহাজটি ফিলিপাইনের অর্থনৈতিক অঞ্চলে মহড়ায় অংশ নিয়েছিল।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রণালির পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা বজায় রাখতে নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্র প্রায় প্রতি মাসেই তাইওয়ান প্রণালি দিয়ে জাহাজ চালায়। তাদের সঙ্গে কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন বা ফ্রান্সের যুদ্ধজাহাজও থাকে। এসব দেশ প্রণালিটিকে আন্তর্জাতিক জলপথ হিসেবে স্বীকৃতি দেয়।
কিন্তু চীন দাবি করে, তাইওয়ান প্রণালি তাদের আঞ্চলিক জলসীমার অংশ। অন্যদিকে স্বশাসিত তাইওয়ান এই দাবি প্রত্যাখ্যান করে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির ওপর সামরিক চাপ বাড়িয়ে দিয়েছে বেইজিং, যা নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে।










