জীবনযাত্রার ব্যয়ে চাপ, পদত্যাগের পথে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আজ রোববার পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। দেশটির অর্থনীতি ও রাজনৈতিক অস্থিরতার সময় তাঁর এই সিদ্ধান্ত জাপানকে আরও অনিশ্চয়তায় ফেলতে পারে।
সরকারি সূত্র জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করবেন ৬৮ বছর বয়সী ইশিবা। তবে তিনি আসলেই পদত্যাগ করবেন কি না, সে বিষয়ে তাঁর কার্যালয় এখনও কিছু বলেনি।
এক বছরেরও কম সময় আগে প্রধানমন্ত্রী হলেও, ইশিবার নেতৃত্বে শাসক জোট টানা দু’টি নির্বাচনে পরাজিত হয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ভোটাররা সরকারের ওপর অসন্তুষ্ট। গত জুলাইয়ে নির্বাচনে হারের পর থেকেই তাঁর নিজ দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাঁকে পদত্যাগের আহ্বান জানাচ্ছিল।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি ও গাড়ি শিল্পের সংকট সামাল দিতে ব্যস্ত ছিলেন ইশিবা। কিন্তু দলীয় ও জনমতের চাপ বাড়তে থাকায় তাঁর অবস্থান দুর্বল হয়ে পড়ে। এর মধ্যেই ইয়েন ও সরকারি বন্ড বাজারেও অস্থিরতা দেখা দেয়।
ইশিবার সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সানায়ে তাকাইচি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। তবে এলডিপির সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় নতুন নেতা স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী হতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
অর্থনীতিবিদ কাজুতাকা মায়েদা বলেন, “দলীয় পরাজয় আর রাজনৈতিক চাপের কারণে ইশিবার পদত্যাগ সময়ের ব্যাপার ছিল।”










