জেলেনস্কির সঙ্গে বৈঠক নাকচ করিনি: পুতিনের সতর্ক বার্তা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার সম্ভাবনা তিনি কখনোই বাতিল করেননি। তবে সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, যদি শান্তিচুক্তি না হয়, তাহলে মস্কো তাদের লক্ষ্য সামরিকভাবেই অর্জন করবে।
বুধবার চীন সফরের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে পুতিন এ কথা জানান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে বৈঠকের প্রস্তাব দিয়েছেন। এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘হ্যাঁ, এটা সম্ভব। জেলেনস্কি চাইলে মস্কোয় আসতে পারেন।’
ট্রাম্প বর্তমানে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন। আগস্টে তিনি আলাস্কায় পুতিন ও ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে পৃথক বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট এখন সরাসরি পুতিন ও জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠক করানোর উদ্যোগ নিচ্ছেন। তবে এখনো কোনো বড় অগ্রগতি হয়নি। এর মধ্যে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, সম্ভাব্য বৈঠকের স্থান হতে পারে সুইজারল্যান্ডের জেনেভা।
পুতিন আরও দাবি করেন, ইউক্রেনে চলা সামরিক শাসন তুলে নিতে হবে এবং বিতর্কিত ভূখণ্ড নিয়ে গণভোট আয়োজন করতে হবে। তবে এসব প্রস্তাব কিয়েভ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
চুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, ‘দেখা যাক, কোথায় গিয়ে দাঁড়ায় পরিস্থিতি। যদি চুক্তি হয়, ভালো। না হলে আমাদের সবকিছু সামরিকভাবে মীমাংসা করতে হবে।’
রাশিয়া আগে থেকেই বলে আসছে, শান্তিচুক্তি হলে ইউক্রেনের চারটি দখলকৃত অঞ্চল মস্কোর হাতে ছেড়ে দিতে হবে। কিন্তু কিয়েভ জানিয়ে দিয়েছে, কোনো ভূখণ্ড ছাড়ার শর্তে তারা কখনো চুক্তি করবে না।














