প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ । ৪:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২

রাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল–শিবিরের ভিন্ন অবস্থান

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

ছাত্রদলের সহ–সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দীন বলেছেন, ক্যাম্পাসে এখনো উৎসবমুখর পরিবেশ নেই, অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছে। তাই ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে দুর্গাপূজার ছুটির পরে নির্বাচন হওয়া উচিত। তিনি নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মতামত ও পরিবেশ বিবেচনা করে পরে নির্বাচন আয়োজন করা হোক।

অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান বলেছেন, নির্বাচন কোনোভাবেই পেছানো যাবে না, নির্ধারিত সময় ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, কিছু গোষ্ঠী নির্বাচন পেছানোর অপচেষ্টা চালাচ্ছে। সেই প্রেক্ষিতে তাদের চার দফা দাবি হলো—
১. যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করা,
২. ভোটের দিন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা,
৩. সুষ্ঠুভাবে ভোট গণনা করা,
৪. ভোটের দিনই ফলাফল ঘোষণা করা।

মোস্তাকুর রহমান আরও দাবি করেন, অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করছেন এবং নির্বাচন যথাসময়ে হবে কি না, সেই অনিশ্চয়তায় কেউ কেউ বাড়ি গেছেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, প্রশাসন যদি নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের নিশ্চয়তা দেয়, তাহলে কোনো সমস্যা হবে না।

এ ছাড়া দুপুরে কয়েকটি প্যানেল ও স্বতন্ত্রপ্রার্থী সংবাদ সম্মেলন করে বলেছেন, উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পরই নির্বাচন হওয়া উচিত।

সম্পাদকঃ মোঃ রুবেল মিয়া, প্রকাশকঃ মোঃ সুহেল রানা, নির্বাহী সম্পাদকঃ সাইফুল ইসলাম সজীব, সার্বিক সহযোগিতায়ঃ মোঃ রুবেল হাসান (ওমান)

প্রিন্ট করুন