প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ । ১:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

বেতন নেই, বকশিশও মানা: যশোরে হাসপাতাল স্বেচ্ছাসেবকদের জীবন ও জীবিকা সংকটে

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দীর্ঘদিনের এক অলিখিত প্রথা ও শতধিক মানুষের রুটি-রুজির ওপর বড় ধরনের ধাক্কা লেগেছে। হাসপাতালের ট্রলিতে রোগী বহন করে রোগীদের স্বজনদের কাছ থেকে পাওয়া ‘বকশিশ’ নেওয়া নিষিদ্ধ করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ শনিবার সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েক ডজন স্বেচ্ছাসেবক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক এখানে কোনো সরকারি নিয়োগ বা নির্দিষ্ট বেতন ছাড়াই বছরের পর বছর ধরে রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ট্রলিতে করে পৌঁছে দিয়ে আসছেন। বিনিময়ে রোগীর স্বজনরা খুশি হয়ে বা এক প্রকার অলিখিত নিয়মে ৫০ থেকে ১০০ টাকা দিয়ে থাকেন। হাসপাতালের নতুন নির্দেশনায় এখন থেকে রোগীদের কাছ থেকে কোনো প্রকার টাকা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে মফিজুল হক সাগরের নেতৃত্বে ৩০-৩৫ জন স্বেচ্ছাসেবক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তাদের দাবি পরিষ্কার—হয় রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অনুমতি বহাল রাখতে হবে, নয়তো হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের কাজের বিপরীতে নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হবে।”আমরা বিনা বেতনে দিনরাত রোগীদের সেবা দেই। এই বকশিশের টাকা দিয়েই আমাদের সন্তানদের মুখে দুবেলা অন্ন তুলে দেই। টাকা নেওয়া বন্ধ করলে আমরা সপরিবারে না খেয়ে মরব।”— মফিজুল হক সাগর, স্বেচ্ছাসেবক প্রতিনিধি।

আন্দোলন চলাকালীন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত দপ্তরে না থাকায় এই বিষয়ে কর্তৃপক্ষের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রায় ৩০ মিনিট শান্তিপূর্ণভাবে অবস্থান করার পর স্বেচ্ছাসেবকরা পুনরায় রোগীদের সেবায় ফিরে যান। তবে তারা সাফ জানিয়ে দিয়েছেন, দ্রুত কোনো সমাধান না আসলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।একদিকে হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা এবং অন্যদিকে শত শ্রমিকের মানবিক জীবন—এই দুয়ের টানাপোড়েনে এখন থমথমে অবস্থা বিরাজ করছে যশোর জেনারেল হাসপাতালে।

সম্পাদকঃ মোঃ রুবেল মিয়া, প্রকাশকঃ মোঃ সুহেল রানা, নির্বাহী সম্পাদকঃ সাইফুল ইসলাম সজীব, সার্বিক সহযোগিতায়ঃ মোঃ রুবেল হাসান (ওমান)

প্রিন্ট করুন