প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

দুদকের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড, জরিমানা ২০ লাখ টাকা ২০ বছরের কারাদণ্ড, জরিমানা ২০ লাখ টাকা

অনলাইন ডেস্ক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ২০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, মামলার দুটি পৃথক ধারায় সম্রাটকে ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে উল্লেখ করা হয়, এক ধারার সাজা শেষ হওয়ার পর অপর ধারার সাজা কার্যকর হবে।

এছাড়া, প্রতিটি ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাস করে অতিরিক্ত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার রায় ঘোষণার আগে গত ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এবং আদালত আজ (২৫ ফেব্রুয়ারি) রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। এর আগে, ২ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হয়, যেখানে মোট ২১ জন সাক্ষী সাক্ষ্য দেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরবর্তীতে ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ১৭ জুলাই আদালত সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তবে অভিযোগ গঠনের সময় তিনি পলাতক থাকায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বর্তমানে তিনি এখনো পলাতক রয়েছেন।

সম্পাদকঃ মোঃ রুবেল মিয়া, প্রকাশকঃ মোঃ সুহেল রানা, নির্বাহী সম্পাদকঃ সাইফুল ইসলাম সজীব, সার্বিক সহযোগিতায়ঃ মোঃ রুবেল হাসান (ওমান)

প্রিন্ট করুন